×

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, পোশাক ও জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি স্কুল ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে একটি পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত জুতা বিতরণ করা হবে। এ প্রকল্পে প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। সরকার চায়, এটি শুধু একটি বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক।

ববি হাজ্জাজ আরও বলেন, জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মানে বৈষম্য থাকলে শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় তিনি টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে এ পাইলট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। যেহেতু প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের জুতা উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মো. সাখাওয়াৎ হোসেনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)