×

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরবর্তীতে নতুন ৮ হাজার ৩২২ জন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

আগের নির্বাচনের মতো এবারও ১৮৫টি ভোটকেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ থাকছে। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন মোট ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা। এর মধ্যে ১৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার থাকবেন।

উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবার প্রবাসীদের জন্য সর্বোচ্চ ৫০০টি পোস্টাল ব্যালটের প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দি ও আনসার সদস্যদের জন্য ৫ হাজার পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ৭৬ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছিল। বাতিল ভোট বাদ দিয়ে বিএনপির বিজয়ী প্রার্থী ৬১ দশমিক ০৩ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ৩৬ দশমিক ০৩ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১ শতাংশ ভোট পেয়েছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)