
রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্বীপ জেলা ভোলার সরাসরি যোগাযোগ আরও সহজ ও দ্রুততর করতে নারায়ণগঞ্জের কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল।
আগামীকাল বিকেল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর ও ইলিশার মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এ রুটে বিআইডব্লিউটিসির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি নিয়োজিত রয়েছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
নতুন এ ফেরি সার্ভিস ভোলার মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দ্বীপ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে।
বিআইডব্লিউটিসি দেশের গুরুত্বপূর্ণ নদী সংযোগে ফেরি পারাপার এবং উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সংস্থাটি সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে।
দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনতে কাঁচপুর-ইলিশা রুটে এ ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপের গুপ্তছড়া এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়।
