×

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত বা সংঘর্ষ চান না তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নিজেদের রাজনীতি ও মতবাদ প্রচার করলেও কেউ যেন সংঘাতে না জড়ায়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় এসে ঠাকুরগাঁওবাসীর সামনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেসব দাবির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, জমিও নির্ধারণ করা হয়েছে এবং ভাইস চ্যান্সেলর দায়িত্ব নিয়েছেন। শিক্ষক নিয়োগের কার্যক্রমও সামনে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জমির অর্থও পরিশোধ করা হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে ঠাকুরগাঁওয়ের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও ছিল। সেই মেডিকেল কলেজ হয়েছে এবং জায়গাও নির্ধারণ করা হয়েছে। আগামী বছর থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, ভূল্লী ও রুহিয়াকে পৃথক উপজেলা করার দাবিও ছিল। এ দুটি দাবিও বাস্তবায়িত হয়েছে। ইতোমধ্যে ইউএনও যোগ দিয়েছেন এবং কার্যক্রম শুরু হয়েছে।

বিমানবন্দর ও শিল্পায়নের প্রসঙ্গে তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিমানবন্দর প্রতিষ্ঠায় তিনি সম্মতি দিয়েছেন। বিমানবন্দর হলে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত না হলেও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিমানবন্দর চালু ও ভবিষ্যতে তা সচল রাখতে হলে এলাকায় কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। ঠাকুরগাঁওয়ে বর্তমানে কলকারখানা, ফ্যাক্টরি ও শিল্পপ্রতিষ্ঠান খুবই কম। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগও সীমিত।

রাষ্ট্রপতি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। সরকারে আসার পরপরই অর্থ উপদেষ্টাকে ঠাকুরগাঁওয়ে নিয়ে এসে পুরো এলাকা পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীও এসে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে কিছু বিনিয়োগকারীকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসা সম্ভব হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)