
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে প্রেরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষা করে এ বিষয়ে রিপোর্ট প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি জাতীয় সংসদে প্রেরণের সুপারিশ করা হয়।
এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা বিলের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ ও সহযোগিতার জন্য কমিটির সভাপতিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিল প্রণয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানান তারা।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
