×

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা অন্যতম চ্যালেঞ্জ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান ভূমিকা রয়েছে।

রোববার জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘জনসংখ্যা বোনাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন, কিশোরী শিক্ষা ও নারীর প্রতি সহিংসতা রোধে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার জনগণের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথেরিন ব্রিন ক্যাম্পকং।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে শুধু সংখ্যাগত দিক থেকে দেখার সুযোগ নেই। জনগণকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে মানবসম্পদে রূপান্তর করতে হবে। এসডিজি বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংসদীয় কার্যক্রমে আইন প্রণয়নের সঙ্গে জনগণের সমস্যা সমাধানে নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, একটি দেশের প্রাকৃতিক সম্পদ থাকলেই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয় না। দেশের সবচেয়ে বড় সম্পদ হলো দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথেরিন ব্রিন ক্যাম্পকং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যার সামাজিক সুরক্ষায় বাংলাদেশ সরকার জনবান্ধব নীতি প্রণয়ন করছে। এসব উদ্যোগে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে।

অনুষ্ঠানে স্পিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও গুরুত্বারোপ করেন। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ, সংসদ সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধিসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)