×

বিদ্যুৎ-গ্যাস সংকটে ৯২ বা ২০০-৩০০ কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয়: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি কিংবা ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে—এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নুরুল হাসান প্রশ্ন করেন, পত্রপত্রিকা ও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে, বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কেউ ৯২টি, আবার কেউ ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথা বলছেন। কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতদিনের মধ্যে সেগুলো আবার চালু করা হবে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয়। তিনি বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন—আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল। পরে প্রতিবেদনটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)