
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছি। প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনের ফলে স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে।
জনপ্রিয়তার মাপকাঠিতে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন রয়েছে। সব পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কার কী অবস্থা, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আমরাও প্রতিবেদন পাঠাব। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন, তার পেছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন; কিন্তু নির্বাচনে যিনি বিজয়ী হতে পারবেন না, তাকে আমরা মনোনয়ন দেব না। জনপ্রিয়তার মাপকাঠিতেই মনোনয়ন দেওয়া হবে—মানুষ যাকে ভোট দেবে, তাকেই প্রাধান্য দেওয়া হবে। আর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ অনেকে।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
