
রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা শুরু হয়। সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও মো. আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ আয়োজনের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ-সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ চূড়ান্ত করা হয়।
সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
