
সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড এবং জনগণের প্রতি সরকারের নিবেদনের তথ্য-পরিসংখ্যানসহ কোনো গ্রন্থ রচিত হলে তা সবার হাতে একটি দলিল হিসেবে থাকবে। এতে মানুষ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে এবং সরকারের ভালো কাজ নিয়ে যারা অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাভিত্তিক তথ্য ছড়াচ্ছে, তাদের প্রচেষ্টার বিষয়েও ধারণা পাওয়া যাবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্লাব মিলনায়তনে রোটারিয়ান এম. নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তারিত বর্ণনা বইটিতে পাওয়া যাবে।
তিনি বলেন, বইটি পড়লে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ‘যতটুকু পাতা উল্টেছি, তাতে তাই মনে হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বই উন্মোচন অনুষ্ঠানে রিজভী বলেন, লেখক তাঁর বইয়ের মাধ্যমে জনগণকে বক্তব্যে উদ্বুদ্ধ করছেন এবং যারা কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন। ভবিষ্যতে লেখক এ ধরনের আরও বই লিখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
