×

আগস্টে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, অংশ নেবে ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্তিশালী করে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ অংশগ্রহণের ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে।

সংবাদ সম্মেলনের পর তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামাল খান সড়কে টুর্নামেন্ট উপলক্ষে রোড শোর উদ্বোধন করেন এবং পরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাই সরকারের উদ্দেশ্য।

তিনি বলেন, খেলাধুলার সম্প্রসারণ এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

এহছানুল হক মিলন জানান, এর আগে প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়েছিল। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা এবং ৬৭৮টি কারিগরি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে খেলা আগস্টে শুরু হলেও প্রধানমন্ত্রী আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, একটি ভবনের মতোই ক্রীড়াঙ্গনের ভিত্তিও তৃণমূল পর্যায় থেকেই শক্তিশালী করতে হবে। প্রান্তিক অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্ট উপলক্ষে লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস তৈরিতে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরা সৃষ্টিগুলোর নির্মাতাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)