
দিনাজপুরের সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ফুলবাড়ী-২৯ বিজিবির অধীন সদর উপজেলার খানপুর বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে আসা একদল মাদক কারবারিকে ধাওয়া দিলে তারা কয়েকটি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
