×

পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ

ব্যাট হাতে স্বর্ণা আক্তারের ঝড়ো ক্যামিও ইনিংস এবং বল হাতে সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের দুর্দান্ত স্পিনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ-১-এর ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল টাইগ্রেসরা।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ১৩ রানেই হারায় তিন উইকেট। এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ৩৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। সোবহানা ২২ রান করে ফিরলেও ইনিংস গড়ার কাজ চালিয়ে যান নিগার।

রিতু মনি ও স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক। ৩৮ বলে ৩৬ রান করে আউট হওয়ার আগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। শেষদিকে স্বর্ণা আক্তারের আগ্রাসী ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মাত্র ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন স্বর্ণা আক্তার। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা নেন দুটি উইকেট।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো শুরু করে পাকিস্তান। তবে নাহিদা আক্তারের আঘাতে সেই জুটি ভাঙার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

নাহিদা ও মেঘলার স্পিন ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। একসময় ৪৯/০ থেকে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মুনিবা আলি। বাংলাদেশের নাহিদা আক্তার ১৮ রানে এবং সানজিদা আক্তার মেঘলা ২১ রানে ৩টি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্বর্ণা আক্তার।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও চার পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা তিন হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান।

গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২৫ জুন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)