×

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসায় যান তিনি।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় তিনি পুরোনো কিছু ছবিও প্রধানমন্ত্রীকে দেখান। একপর্যায়ে প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং খোঁজখবর নেন।

পরে প্রধানমন্ত্রী কিছু সময় খালেদা রাব্বানীর সঙ্গে কাটান এবং তার চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা রাব্বানী বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে মহিলা আসন-২৫ এবং অষ্টম জাতীয় সংসদে মহিলা আসন-১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)