
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-বিজ্ঞান মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-বিজ্ঞান মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফেছানী, জেডআরএফের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উপায় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী নির্মাণের অন্যতম মাধ্যম।
তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বৈজ্ঞানিক উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের প্রতিটি গ্রাম ও শহরকে আরও সবুজ, নির্মল ও নান্দনিক করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণকে একটি সাধারণ কর্মসূচির গণ্ডি পেরিয়ে জনসম্পৃক্ত ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ, পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল এবং সবুজ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করা হবে। চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্ভাবন দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বিজ্ঞান মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করেন ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
