×

রংপুরজুড়ে বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চুরি, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে হাসপাতাল দালাল চক্রের ৭ সদস্য, ১ মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, ৫ জুয়াড়ি, চুরি মামলার ২ আসামি, ১ পরোয়ানাভুক্ত আসামি এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা, দালালি ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার অভিযানে চুরির দুটি ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করা হয়। এ সময় একটি টিউবওয়েল, একটি ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই থানার মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তাজহাট থানার পানবাড়ী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে তাস, নগদ অর্থ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজন এবং মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়।

পরশুরাম থানার অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাহিগঞ্জ থানার অভিযানে চোলাই মদ সেবনের দায়ে তিনজন এবং প্রতারণা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ডিবি পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে হাসপাতাল দালাল চক্রের সাত সদস্যকে আটক করে। একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)