
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুলের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের প্রক্ষেপিত বিদ্যুৎ চাহিদার ভিত্তিতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসভিত্তিক, কয়লাভিত্তিক ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালু রাখতে নিয়মিত ও পরিকল্পিত রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, উৎপাদন ঘাটতির কারণে নিয়মিত লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ এবং সঞ্চালন ও বিতরণ লাইনের নির্ধারিত বা অনির্ধারিত কাজের কারণে মাঝে মাঝে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে।
মন্ত্রী বলেন, নওয়াপাড়া শিল্পাঞ্চলসহ খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বর্তমানে কোনো লোডশেডিং নেই।
তবে মৌসুমি ঝড়বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
