×

কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় : তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলেও আইনের ঊর্ধ্বে কেউ নন; আইনের চোখে সবাই সমান।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ‘হাসিনার পক্ষের মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না’— এমন প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে বা রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এখানে বিবেচ্য নয়।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। অপরাধ বা অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা— যে-ই হোন না কেন, অপরাধে জড়িত থাকলে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি জানান, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বা অপপ্রচারে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে স্বাধীনতার অপব্যবহার করে কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম বা বিভ্রান্তিকর প্রচারণা চালালে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, দেশের সব খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের আইনগত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)