
বন্ধ ও অলাভজনক সরকারি শিল্পকারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও লোকসানি কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পুনরুজ্জীবনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ শিল্পকারখানাগুলো দ্রুত চালুর পাশাপাশি অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসব কারখানায় দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
সভায় জানানো হয়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং অলাভজনক কারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
