
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন।”
তিনি বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব, অবদান ও গ্রহণযোগ্যতার উজ্জ্বল স্বীকৃতি। ড. খলিলুর রহমান দক্ষতা ও মর্যাদার সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক সংলাপ সম্প্রসারণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন ড. খলিলুর রহমান। ১৯০টি সদস্য রাষ্ট্রের ভোটে তিনি ৯৯ ভোট লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।
এই বিজয়ের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালনের সুযোগ পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
