
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সবারই সন্তান থাকলেও শিশুদের সুরক্ষা বিষয়ে যথেষ্ট সচেতনতা নেই। তিনি সংসদীয় ককাস গঠনের আগ থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি আরও বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়নে যারা সংসদে ভূমিকা রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে কার্যকর আলোচনা সম্ভব।
ইউনিসেফ প্রতিনিধি জানান, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে শিশুরা নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি এর সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।
সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
