×

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে, যার প্রতিফলন টেলিভিশনের পর্দা ও সংবাদপত্রের পাতায় স্পষ্টভাবে দেখা যায়। তবে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি এবং খণ্ডিত বক্তব্য বা ভিডিও ‘রিলস’ আকারে প্রচারের প্রবণতা উদ্বেগজনক।

তিনি বলেন, এ ধরনের প্রচারণা অনেক সময় ভুল বার্তা ছড়ায় এবং সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি করে। ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় এমন অপসাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ঈদের ছুটিতে যখন দেশের মানুষ উৎসব উদযাপনে ব্যস্ত ছিলেন, তখনও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পালন করে গেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও ঈদের দিনসহ পুরো ছুটিকালজুড়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। কোথাও গাফিলতি বা অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

রুমন জানান, প্রধানমন্ত্রী প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা, কখনো কখনো ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করেন এবং সরকারের সবাই মানুষের সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন উল্লেখ করে তিনি বলেন, এবারের ঈদের আনন্দের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে নানা স্মৃতি সবার মনে বিশেষ আবেগের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এবং শাহারিয়ার পামির উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)