
চলতি বছরের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্রের (ওএমআর শিট) বৃত্ত পরিবারের সদস্য দিয়ে পূরণ করানোর অভিযোগে মানিকগঞ্জের এক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত শিক্ষক শাহজাহান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষক (কোড-২৪৮৭) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বোর্ডের চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গণিত বিষয়ের উত্তরপত্র পরিবারের সদস্য দিয়ে বৃত্ত ভরাট করানোর একটি ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে এলে প্রাথমিক তদন্ত করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। পরীক্ষার উত্তরপত্রে প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট, মূল্যায়ন বা সংশ্লিষ্ট কাজ করানো বিধিবহির্ভূত এবং শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
