
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়; এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঢাকার ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ‘৪১৬ বছরে ঢাকা’ ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঢাকাকে মানুষের সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান তিনি।
এ্যানি চৌধুরী আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক সংস্কৃতি চর্চার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এ সময় ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখ।
