×

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ-যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তাদের ভাষা শেখা ও সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করতে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

মাদকবিরোধী কঠোর অবস্থান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন ও খুররম খান ইউসুফজি।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)