
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার হিন্দু, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শহর থেকে গ্রাম, প্রতিটি অঞ্চলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় যুগের পর যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। আমাদের সর্বপ্রধান পরিচয়—আমরা সবাই বাংলাদেশী। এই পরিচয়কেই বুকে ধারণ করে আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের জুলুম, নির্যাতন বা চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাবে। সমাজে কোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ উপজেলা যুবদলের সদস্য সচিব শিরন আলম সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
