
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন চিন্তা ও নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে।
তিনি বলেন, আল্লাহ যাঁর সহায় এবং জনগণ যাঁদের পাশে থাকে, কোনো চক্রান্ত বা কোনো ধরনের নীলনকশা তাঁদের পরাস্ত করতে পারে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আজকের প্রধানমন্ত্রীকে সেদিন শুধু মানসিকভাবে নয়, শুধু কারাবন্দি করে নয়, তাঁকে শারীরিকভাবেও অত্যাচার করা হয়েছে। তিনি আজও তাঁর শরীরে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০১৮ সাল থেকে বিএনপির নেতৃত্ব নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করেছেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তাঁর পতন না হলে এই গণতন্ত্রের দরজা খুলত না।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় গ্রামের প্রত্যন্ত অঞ্চল, তৃণমূল, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এবং জনগণের সুখে-দুঃখে তাঁদের পাশে ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যারা গুম হয়েছেন, সেসব পরিবারের সদস্য, পুলিশের লাঠিতে আঘাতপ্রাপ্তদের পরিবার এবং পুলিশের গুলিতে নিহতদের পরিবারের প্রতিটি জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তা দিয়েছেন ও সহানুভূতি জানিয়েছেন।
এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন এবং কখনো কখনো বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘এই কারণেই তারেক রহমান আজ জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়েছেন। কত অপপ্রচার হয়েছে এবং এখনো অপপ্রচার চলছে। কিন্তু জনগণ দেখছে, তারেক রহমান ক্ষমতায় এসে দিন-রাত বিছানায় শুয়ে থাকেননি, ঘুমিয়ে থাকেননি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল।
