×

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে, তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বাসসকে এসব তথ্য জানান। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে বিজিএমইএর পক্ষ থেকে আগামী ১৯ নভেম্বর ২০২৬ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)