
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
তিনি বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে দিনরাত কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব খাতের উন্নয়নে তিনি সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ড. মিলন বলেন, শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।
