
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি জানান, দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
উল্লেখ্য, রোববার রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
