×

সড়ক দুর্ঘটনায় জামালপুরের সিভিল জজ নিহত, আইনমন্ত্রীর শোক

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৭তম ব্যাচের সদস্য ও জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক ছিলেন। তার অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের এভাবে চলে যাওয়ায় তিনি গভীরভাবে শোকাহত বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় একেএম সামিউল হককে বহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

একেএম সামিউল হকের বাড়ি নেত্রকোণায়। ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি বিচার বিভাগে যোগ দেন। পরে জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)