×

বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলছে, গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে।

রোববার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের গ্যাস সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও ধ্বংস করে গেছে। সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে চার হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার হত্যাকাণ্ড ঘটেছে। এসব পরিস্থিতি কাটিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে।

বিরোধীদলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে এবং সব সংকট তাৎক্ষণিকভাবে সমাধানের দাবি করছে। তবে সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল এবং গুম, খুন ও নির্যাতনের রেকর্ড তৈরি করেছিল। বর্তমানে দেশের মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সংঘাতের কারণে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ারও চেষ্টা চলছে।

তিনি বলেন, আমদানির কারণে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারতেন না। এখন সাংবাদিকরা নিজেদের মতো করে লিখতে পারছেন। তবে বিরোধীদল যে ভাষায় কথা বলছে, তা গণতন্ত্রের ভাষা নয়।

মির্জা ফখরুল বলেন, সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করছে। ফ্যাসিস্ট সরকারকে সরানোর আন্দোলনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন করা হয়। এ সময় ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।

লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)