
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ ও অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জ্বালানি তেলের সংকটের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগের পরই তেলের সংকট কেটে যায়, যদিও অতিরিক্ত কোনো তেল সরবরাহ করা হয়নি। এ থেকেই প্রমাণ হয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে অনেক জাতীয় সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। অতীতে সংসদে মারামারি, হাতাহাতি এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। দলটি একটি সভ্য, শালীন ও গণতান্ত্রিক সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে এবং কোনো উসকানির মুখেও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা অব্যাহত রাখবে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, এত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানুষের আহত হওয়ার ঘটনার পরও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি। এ অবস্থায় তাদের রাজনীতিতে ফেরার সুযোগ আছে বলে তিনি মনে করেন না।
পরে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
