×

উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার প্রথমবারের মতো দেশব্যাপী দিবসটি উদযাপিত হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও পল্লী উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।

তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন একটি সময়োপযোগী উদ্যোগ। এ উপলক্ষে তিনি পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পল্লী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করবে এবং পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)