×

শিক্ষার মানোন্নয়নে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে।

তিনি বলেন, “শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান হচ্ছে কি না, তা তদারকির জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় দেশের যেকোনো শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহারে অনাগ্রহী হয়ে পড়েন। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়নের জন্য শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষা কাঠামো এমনভাবে সংস্কার করতে হবে, যাতে মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।

নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ সময় নায়েমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)