
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে কাজ করছে।
শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ-সংক্রান্ত ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিআইবিএম এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আইবিআরপিডি)-এর যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়।
গভর্নর বলেন, দেশের অধিকাংশ আমানতকারী ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী। তাই শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ‘বাংলা কিউআর’ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে থাকলে ব্যবস্থাপনা, তদারকি ও কার্যকারিতা আরও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ বলেন, নতুন কাঠামোয় শরিয়াহ কমপ্লায়েন্সের ওপর আরও বিস্তৃত দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট তদারকি ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। দেশে ইসলামিক ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়ছে। তাই এ খাতের টেকসই উন্নয়নে কার্যকর শরিয়াহ গভর্নেন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই কার্যকর শরিয়াহ গভর্নেন্স ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা সময়ের দাবি।
বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক আশরাফুল আলম জানান, দেশের ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন আইন কার্যকর হলে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আরও সুসংহত, স্বচ্ছ ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিআইবিএম-এর পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম।
কর্মশালায় তিনটি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ইসলামিক ব্যাংকিংয়ের উন্নয়ন, সুশাসন এবং কার্যকর শরিয়াহ তদারকি জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
