
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত করা হবে। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোও আধুনিকায়ন করা হবে। স্বাস্থ্যখাতে চলতি বছর থেকেই একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সরকার কাজ করছে। জনগণের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে বিভিন্ন নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা যায়।
এবারের বাজেটকে ‘আদর্শের বাজেট’ উল্লেখ করে তিনি বলেন, বাজেটে ঘোষিত প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
