×

আগামী বছর থেকে পরীক্ষায় বড় সংস্কার, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে এবং একই দিনে অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “একটি রাষ্ট্র, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই সিলেবাস থাকা সত্ত্বেও বিভিন্ন বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও বাংলা, ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।”

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় একক প্রশ্নপত্র ব্যবস্থার সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, বিজি প্রেস থেকে নির্ধারিত নিয়মে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্টদের সমন্বয়ে সঠিক কোডের প্রশ্নপত্র যথাযথ কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে হবে। প্রশ্ন বিতরণে কোনো ধরনের ভুল বা কোড বিভ্রাট হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা খাতে নিয়োগ জট ও মামলাজনিত সমস্যার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, পিটিআই প্রশিক্ষণ, পিএসসির ব্যাকলগ এবং এনটিআরসিএর শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে মামলার কারণে স্থবিরতা তৈরি হয়েছে। ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে।

এনটিআরসিএ গঠনের পটভূমি তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের জন্য রাষ্ট্রীয় সনদ প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে এর কার্যক্রম মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, অতীতে অপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে এবং ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষার মধ্যে সমন্বয় জোরদার করতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)