
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপিকে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অবস্থানকারী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। ভবিষ্যতেও সকল ধর্মের অনুসারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করা হবে।
বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ সময় মন্ত্রী চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
