
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাজেটে দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে এবং ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে স্ট্রোকে আক্রান্ত ৪০০ জন প্যারালাইজড রোগীর মধ্যে ১০০ জনকে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ অনেকে উপস্থিত ছিলেন।
