
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার।
তিনি বলেন, আগে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগত। এখন সেটি কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক পরিস্থিতিতে কোনো কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) যৌথভাবে এ আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য যে সুপারিশ দিয়েছে, সেটিকে শুধু সময় বৃদ্ধির বিষয় হিসেবে না দেখে পরিকল্পিত প্রস্তুতির সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এই রূপান্তরকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ এবং উৎপাদনভিত্তি বহুমুখীকরণের সুযোগ হিসেবে নিতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বাজেটে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ অর্থনীতির যে কথা বলা হয়েছে, তা সরকারের নীতিনির্ধারণের মূল ভিত্তি। ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং লাইসেন্সিং জটিলতা কমানোয় সরকার গুরুত্ব দিচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এখন টেকসই উন্নয়ন, শ্রম অধিকার, মানবাধিকার ও পরিবেশগত মানদণ্ডের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সরকার কাজ করছে।
তিনি বলেন, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, ব্যবসা সহজীকরণের লক্ষ্যে একটি কমিটি কাজ করছে এবং কোথায় সময় ও প্রক্রিয়া কমানো সম্ভব তা নির্ধারণ করা হয়েছে। আগামী জুলাইয়ে এ বিষয়ে একটি জন ঘোষণা দেওয়া হবে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিডা’র নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
