×

বিমান শুধু পরিবহন নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি: বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমান পরিবহন ব্যবস্থা এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি জাতীয় মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, বিমানবন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী আরও বলেন, দেশের বিমান চলাচল খাত আগামী দিনে কোথায় অবস্থান করবে, তার সুস্পষ্ট রূপরেখা এই মাস্টার প্ল্যানে প্রতিফলিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকার ইতোমধ্যে এ খাতের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কর্মশালায় বেবিচক চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান পরিবহন খাতের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, প্রণীতব্য এভিয়েশন মাস্টার প্ল্যান দেশের বিমানবন্দর উন্নয়ন, আকাশপথ ব্যবস্থাপনা, যাত্রীসেবা বৃদ্ধি, কার্গো পরিবহন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারে দীর্ঘমেয়াদি নীতিগত দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)