×

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়া সফরে শ্রমবাজার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন তিনি। পরে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া বাংলাদেশকে আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’-এ অন্তর্ভুক্ত করার বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।

মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন। কর্মসূচি অনুযায়ী, তিনি ২২ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়ে সেদিন সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)