×

আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং নতুন কোচ হাতে পাওয়ার পরই এ রুটে ট্রেন চালু করা হবে।

শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।

তিনি জানান, চলতি বছরের আগস্টে আরও দুটি নতুন রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। জনস্বার্থ বিবেচনায় দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)