×

মুন্সীগঞ্জের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জেলার বিভিন্ন উপজেলায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সফরের শুরুতে গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজেরও উদ্বোধন করেন।

পরবর্তীতে মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সেখানে একটি নতুন সেতু নির্মাণের ঘোষণা দেন তিনি। পরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মুন্সীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে জেলার উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার জেলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নসহ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)