
দেশের সব উপজেলা পরিষদে সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলার অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগের সুবিধার্থে উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবহারের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নিজ নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত স্থান রাখার দাবি উত্থাপন করেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
পরবর্তীতে ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি আলোচনায় এলে একই দিন সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ির পরিবর্তে উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের পক্ষে মত দেন হাসনাত আবদুল্লাহ।
