×

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আজ শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে শুধু মানুষের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদই ক্ষতিগ্রস্ত হয়নি, মানবতা, মানবিকতা এবং দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধও ধ্বংসের মুখে পড়েছে। ঢাকার মিরপুরে এক নিষ্পাপ শিশুর নির্মম মৃত্যু আমাদের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ।”

তিনি বলেন, “আমি আজ স্পষ্টভাবে বলতে চাই, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড, ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে।”

প্রধানমন্ত্রী বলেন, এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে কেউ যেন শিশু বা নারীর প্রতি এমন নৃশংস আচরণ করার সাহস না পায়, সেটিই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, “একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন। এ ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম আমাদের জন্য অনুকরণীয়।”

রামিসা হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরে সাংবাদিকদের জানান, রোববার বিকেলেই রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেবে পুলিশ।

ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিখ মনজুর, সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)