×

কুরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা সরকারের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এ দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া সংরক্ষণে দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

কুরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সরকারি অর্থায়নে সারাদেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার রোধের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কুরবানিকে কেন্দ্র করে চামড়া শিল্পের কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রতিবছরের মতো এবারও আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)