
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতের এই আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে এখন আর কোনো বাধা নেই।
শুনানিতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন ও পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠানো হয়। ওই চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিট দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। বাকি পাঁচজন হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।
