
২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট ও ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ করা হয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজ সম্পন্ন হয়েছে।
এ ছাড়া এ সময়ে ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের ৫৮টি সেতু এবং ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাস নির্মাণের কাজও শেষ হয়েছে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা এডিপি বরাদ্দে মোট ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
